টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বাসার পাশের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) সকালে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেটের দক্ষিণ পাশে তার বাড়ির কাছের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পারভীন আক্তার ওই এলাকার মৃত হুমায়ন খানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, পারভীন আক্তারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে সোহেল রানা ফাহাদ ঢাকার সাভারে চাকরি করেন এবং মেয়ে সম্প্রতি বিয়ে হওয়ায় তিনি বাসায় একাই বসবাস করতেন।
গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে ছেলে সোহেল রানা ফাহাদের সঙ্গে তার সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। পরদিন সকাল থেকে পরিবারের সদস্য ও স্বজনরা একাধিকবার ফোন করলেও তিনি আর কল রিসিভ করেননি।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সোহেল রানা ফাহাদ সখীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর থেকেই পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করেন। বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের ছেলে সোহেল রানা ফাহাদ দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।