দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হাম ও হামের উপসর্গে মোট ৭১৮ শিশুর মৃত্যু হলো, যার মধ্যে ৯৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১১৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮৬৬ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
মারা যাওয়া দুই শিশুর একজন ঢাকায় এবং অন্যজন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৪২ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৯৬৫ জনের হাম শনাক্ত হয়েছে।
এ সময় হামের উপসর্গ নিয়ে ৮৪ হাজার ৬২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮০ হাজার ৯৭৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর ৭৮১ শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।