দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৫ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই শিশু। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬২৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন শিশু। ফলে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় ১৪১ জন নতুন রোগী হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময় ৯৬২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১১ জনে। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১ জন।
এ পর্যন্ত মোট ৮৩ হাজার ৮০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৮০ হাজার ১৯৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।