ইউনিকো হসপিটাল পিএলসি'র উদ্যোগে ‘Advancing Excellence in Critical Care Nursing: Enhancing Knowledge, Strengthening Skills, and Saving Lives’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ২০২৬। কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সিং পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
কর্মশালার মূল লক্ষ্য ছিল উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবার মানোন্নয়ন করা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি)-এর রেজিস্ট্রার মিসেস হালিমা আখতার। এতে সভাপতিত্ব করেন ইউনিকো হসপিটালের চিফ অব নার্সিং সার্ভিস মিস এলিজাবেথ জোথি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিকো হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর্দ্রা কুরিয়েন, চিফ অব মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিকো হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক, কনসালট্যান্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডা. উম্মে কুলসুম, কোঅপারেটিভ ইন্টারন্যাশনাল (কানাডা)-এর প্রোনার্স প্রকল্পের ন্যাশনাল নার্স স্পেশালিস্ট মো. আহসান হাবিব, ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশ (সিসিএনএসবি)-এর সভাপতি ড. নাহিদা আখতার (পিএইচডি) এবং দেশের খ্যাতনামা চিকিৎসক ও নার্সিং নেতৃবৃন্দ।
কর্মশালায় অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা সিপিআর (CPR) ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ম্যানেজমেন্ট, এন্ডোট্র্যাকিয়াল টিউব (ইটিটি) কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং প্রেসার আলসার (বেডসোর) ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের জন্য একটি প্রতিযোগিতামূলক পোস্ট-টেস্ট অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি পোস্ট-টেস্টে সেরা তিনজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইউনিকো হসপিটাল দেশের নার্সিং পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত উৎকর্ষতা অর্জন এবং আন্তর্জাতিক মানের রোগীসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।