দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে এডিস মশাবাহিত ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দুইজনের মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এ ছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৩১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ফলে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও ডেঙ্গুর বিস্তার লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, গত বছরের ডেঙ্গু পরিস্থিতির তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। ওই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারান ৪১৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তারা এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।