দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী।
দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম-টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী। তার এ মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে তিনি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আন্তঃমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের আলোচনা করে তথ্য মন্ত্রণালয় ও তাদের অধীন সাংবাদিকদেরকে বাংলাদেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেটসহ হাসপাতাল ভবনের অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া উচিত অন্তত এক অর্থবছরের জন্য। যদি তারা সফল হন, তাহলে তাদেরকে স্থায়ীভাবে এ দায়িত্ব দেওয়া যেতে পারে।’
তিনি আরও লেখেন, ‘রাষ্ট্রের কাজ, জনগণের কল্যাণের কাজ—যে ভালো পারবে, তাকেই দেওয়া উচিত।’
পরে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যেহেতু আমরা পারছি না, সেজন্য এমন একটা আলোচনার জায়গা হতে পারে কি না সেটা বলেছি। হাসপাতালের বাথরুমগুলো কেন এমন অবস্থায় থাকে, তা কেউ তুলে ধরছে না। দায় শুধু স্বাস্থ্য বিভাগের না হলেও চাপ আমাদের ওপরই আসে।’
সাংবাদিকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সব দায় স্বাস্থ্য বিভাগের একার না। অবকাঠামোগত সীমাবদ্ধতাও রয়েছে। কিন্তু সাংবাদিকরা পুরো বিষয়টি যথাযথভাবে তুলে ধরছেন না।’
পরে কিছুক্ষণের মধ্যেই তিনি তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন।
এদিকে সরকারি পদে থেকে এমন মন্তব্য করা যায় কি না—এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, ‘সরকারি পদে থেকে এ ধরনের মন্তব্য করার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’