দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮২৩ জন, আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৩৬৩ জন মারা গেছেন। এরপর সিলেট বিভাগে ১৩৬, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, খুলনায় ৩২ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছেন আরও ৯৩১ জন।
অন্যদিকে, একই সময়ে নতুন করে ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬ জনে।
হাসপাতালে ভর্তির পরিসংখ্যান বলছে, এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২৭ হাজার ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২২ হাজার ৮০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে মৃতদের বয়সভিত্তিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সের মানুষের হতে পারে। শিশুদের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।