শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মায়ের শালদুধের চেয়ে বড় ভিটামিন আর কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
রোববার (২৮ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের শুধু ভিটামিন ‘এ’ খাওয়ালেই হবে না, পাশাপাশি মায়ের দুধও খাওয়াতে হবে। জন্মের পরপরই শিশুকে অবশ্যই শালদুধ খাওয়াতে হবে। তার ভাষায়, শালদুধের চেয়ে বড় ভিটামিন আর কিছু হতে পারে না। এ ছাড়া শিশুদের পানি, মধু, চিনি ও সুষম খাবার খাওয়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হামসহ নানা রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, আগের সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার মজুত না পাওয়ায় শিশুদের মধ্যে হাম মারাত্মক আকার ধারণ করেছিল। দায়িত্ব নেওয়ার সময় ভিটামিন ‘এ’ ক্যাপসুলের সংকট ছিল বলেও তিনি উল্লেখ করেন। পরে ইউনিসেফের সহযোগিতায় পর্যাপ্ত ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে, বর্তমানে দেশে প্রায় ২ কোটি ৬০ লাখ ক্যাপসুল মজুত রয়েছে, যা দিয়ে ২ কোটি ৫৫ লাখ শিশুকে খাওয়ানো হবে।
টিকার মান নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব টিকা আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগারে যাচাই করে দেশে আনা হয়েছে এবং মান অত্যন্ত ভালো।
তিনি আরও জানান, কোনো শিশু প্রথম দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে না পারলে পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে তা খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।
এ সময় স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।