দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ আরো বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যুর পাশাপাশি সারা দেশে নতুন করে ১ হাজার ৫৭ শিশু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ১১৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।
হামের উপসর্গে ঢাকায় দুই, সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭১২ শিশু মারা গেছে।
রবিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ২০৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১০ শিশুর। এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৯১৭ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
এসময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৯ হাজার ১৫২ শিশু বাড়ি ফিরেছে।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ শিশু।