সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০০ জনসহ এখন পর্যন্ত ৫ হাজার ৪৫৫ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।