বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার সংশোধিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৮তম বার্ষিক প্রতিবেদনও অনুমোদিত হয়।
মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম।
সভায় বক্তব্যে উপাচার্য বলেন, বয়সে নবীন হলেও বিইউপি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছেন।
তিনি বলেন, বিইউপি শুধু একাডেমিক উৎকর্ষ নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্ব, সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধির ওপরও সমান গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরতে নিয়মিত আলোচনা সভা, সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
উপাচার্য আরও জানান, গবেষণালব্ধ জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিইউপি থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন একাধিক গবেষণা জার্নাল নিয়মিত প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকের অংশগ্রহণ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
সভায় বিইউপির পশ্চিম ক্যাম্পাসে অবকাঠামোগত উন্নয়নের তথ্যও তুলে ধরা হয়। জানানো হয়, সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন তিনটি ১৪ তলা একাডেমিক ভবন, শিক্ষার্থীদের জন্য দুটি ১৪ তলা আবাসিক হল এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি ১৪ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান বাজেট উপস্থাপন করেন এবং রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান সভা পরিচালনা করেন।
সভায় সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।