রাজধানীর ধোলাইপাড় উচ্চবিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে শাহরিয়ার সাঞ্জু (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে।
রোববার (২৮ জুন) দুপুর ১২টার দিকে স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, সকালে ক্লাস শেষে টিফিন বিরতির পর তারা আবার স্কুলে ফিরে আসে। দুপুরে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি থাকায় সাঞ্জু স্কুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী তার পথরোধ করে। তার সঙ্গে নবম শ্রেণির আরও এক শিক্ষার্থী এবং ওই দশম শ্রেণির শিক্ষার্থীর খালাতো ভাই ছিল।
সহপাঠীদের দাবি, দশম শ্রেণির ওই শিক্ষার্থী নিজেকে সিনিয়র উল্লেখ করে সাঞ্জুকে প্রশ্ন করে, ‘তুই আমাকে সিনিয়র হিসেবে সম্মান দিস না কেন?’ এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষার্থী তার সঙ্গে থাকা সুইচ গিয়ার চাকু বের করে সাঞ্জুর পেটে আঘাত করে। ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় সাঞ্জু মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে সহপাঠীরা দ্রুত সাঞ্জুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
ঢামেকের চিকিৎসকরা জানান, সাঞ্জুর পেটের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঘটনার বিষয়ে শ্যামপুর থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।