রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের স্ত্রী।
রবিবার (২৮ জুন) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো একসময় নিলুফার ইয়াসমিন নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার জানান, খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদ এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান।