ঝালকাঠিতে দীর্ঘস্থায়ী ও ঘন ঘন লোডশেডিং, গ্রাহক হয়রানি এবং বিদ্যুৎ অফিসের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, গ্রাহক হয়রানি বন্ধ এবং বিদ্যুৎ বিভাগের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
রবিবার (২৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, দৈনিক দূরযাত্রার সম্পাদক ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল হাসান পলাশ, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, সিপিবি ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি এবং ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে জেলাজুড়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
তারা অভিযোগ করেন, বিদ্যুৎ সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের নানা ধরনের হয়রানি, প্রশাসনিক অনিয়ম এবং অতিরিক্ত বা তথাকথিত ভূতুড়ে বিলের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। এসব কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
মানববন্ধন থেকে অবিলম্বে লোডশেডিং কমিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, বিদ্যুৎ অফিসের অনিয়ম ও দুর্নীতি বন্ধ, গ্রাহক হয়রানি রোধ এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।