কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের (২২) মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের রেজু ব্রিজের উত্তর পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার ইকবালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে সাগরের ঢেউয়ে তলিয়ে যান সায়েম। এরপর থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, বিচ কর্মী ও স্থানীয়দের সমন্বয়ে তাকে উদ্ধারে অভিযান চালানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর রোববার সকালে রেজু খালের পাশে তার মরদেহ ভেসে ওঠে।
শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থেকে ভ্রমণে আসা সায়েম ও তার বন্ধু আরমান উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল ঢেউয়ের কবলে পড়ে সায়েম সাগরে ডুবে যান এবং নিখোঁজ হন।
বিচ কর্মী হেলাল উদ্দিন বলেন, নিখোঁজ হওয়ার পরপরই আমরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাই। রোববার সকালে রেজু ব্রিজের উত্তর পাশের একটি খালে মরদেহ ভেসে উঠেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করি।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হয়েছে। সমুদ্র সৈকতে গোসলে নামার সময় পর্যটকদের আরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। উদ্ধার হওয়া মরদেহটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।