পদ্মভূষণ হাতে অলকা, চোখে ভক্তদের অশ্রু

বিনোদন ডেস্ক

বিনোদন

সুরের জাদু দিয়ে চার দশকেরও বেশি সময় ধরে কোটি মানুষের হৃদয় জয় করেছেন অলকা ইয়াগনিক। ‘তেজাব’ সিনেমার ‘এক দো তিন’

2026-06-27T20:55:42+00:00
2026-06-27T20:56:51+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
বিনোদন
পদ্মভূষণ হাতে অলকা, চোখে ভক্তদের অশ্রু
বিনোদন ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৫৫ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৮:৫৬ পিএম
সংগৃহীত ছবি
সুরের জাদু দিয়ে চার দশকেরও বেশি সময় ধরে কোটি মানুষের হৃদয় জয় করেছেন অলকা ইয়াগনিক। ‘তেজাব’ সিনেমার ‘এক দো তিন’ থেকে শুরু করে ‘তালে সে তাল মিলা’, ‘টিপ টিপ বারসা পানি’, ‘দিলবার দিলবার’, ‘সুরজ হুয়া মাধম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা কুমার শানুর সঙ্গে গাওয়া ‘চুরা কে দিল মেরা’—অসংখ্য কালজয়ী গানে কণ্ঠ দিয়ে ভারতীয় চলচ্চিত্রসংগীতের ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে রেখেছেন তিনি। ২৫টি ভাষায় ২২ হাজারেরও বেশি গান রেকর্ড করা এই কিংবদন্তি শিল্পীর কণ্ঠ অবশ্য থেমে যায় ২০২৪ সালে। ‘অমর সিং চামকিলা’ ছবির পর আর কোনো গানে কণ্ঠ দেননি তিনি। এরপর দীর্ঘ দুই বছর ছিলেন একেবারেই আড়ালে।

দুই বছর পর গত মঙ্গলবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আবারও জনসমক্ষে দেখা গেল অলকা ইয়াগনিককে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ গ্রহণ করেন তিনি। এই সম্মাননা পাওয়াটা বিস্ময়ের কিছু নয়, তবে পুরস্কার নিতে হুইলচেয়ারে করে আসা অলকাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অসংখ্য ভক্ত। একসময় মঞ্চ কাঁপানো প্রাণবন্ত এই শিল্পীকে ক্লান্ত ও ম্লান মুখে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অলকা ইয়াগনিক দীর্ঘদিন ধরে ‘সেন্সোরিনিউরাল হিয়ারিং লস’ নামে একটি বিরল শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। ২০২৪ সালের মাঝামাঝি একটি বিমানযাত্রা শেষে নেমেই হঠাৎ তিনি বুঝতে পারেন, তিনি আর কিছুই শুনতে পাচ্ছেন না। সেই আকস্মিক বধিরতাই কার্যত থামিয়ে দেয় তাঁর সংগীতজীবন। চিকিৎসকদের ধারণা, কোনো ভাইরাল সংক্রমণের জটিলতা থেকে এই সমস্যা তৈরি হয়েছে। আবার কারও মতে, চার দশকেরও বেশি সময় ধরে উচ্চ শব্দের মধ্যে কাজ করার প্রভাবও এর একটি কারণ হতে পারে।

আড়ালে থাকলেও শ্রোতাদের হৃদয় থেকে কখনো হারিয়ে যাননি অলকা। ইউটিউবে সর্বকালের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পীদের একজন তিনি। ২০২০ সালে ১৬ দশমিক ৬ বিলিয়ন এবং ২০২১ সালে ১৭ বিলিয়ন স্ট্রিমের রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছেন। ২০২৬ সালেও ইউটিউবে প্রতি সপ্তাহে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পীদের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুটি বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড এবং সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই কিংবদন্তি।

হুইলচেয়ারে অলকাকে দেখে ভক্তদের উদ্বেগ আরও বেড়ে যায়। সেই উদ্বেগের জবাব দিতে পরদিনই ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্ট করেন তিনি।

পোস্টের শুরুতেই অলকা লেখেন, ‘গত দুই বছর ধরে আমি লাইমলাইট, গণমাধ্যমের সামনে আসা এবং আপনাদের সঙ্গে নিজের পথচলার গল্প ভাগ করে নেওয়া থেকে দূরে আছি। আপনাদের অনেকেই জানতেন, আমি একটি কঠিন স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। এই পুরো সময় আপনাদের ভালোবাসা, প্রার্থনা, বার্তা এবং অবিচল সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিল।’

‘পদ্মভূষণ’ গ্রহণের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, ‘আজ যখন আমি দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা—মর্যাদাপূর্ণ পদ্মভূষণ গ্রহণ করতে বাইরে পা রাখলাম, তখন আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠেছিল। এই সম্মান আমাকে গভীরভাবে বিনম্র করেছে। যদিও এতে আমার নাম লেখা আছে, কিন্তু এটি ঠিক ততটাই সেই প্রতিটি শ্রোতার, যারা আমার কণ্ঠকে নিজেদের জীবনের অংশ বানিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম আমার গানকে বাঁচিয়ে রেখেছেন এবং আমার সুসময়-দুঃসময় সব সময় পাশে থেকেছেন।’

নিজের শারীরিক অবস্থার উন্নতির কথাও জানান এই শিল্পী। তিনি লেখেন, ‘এই মুহূর্তটি আমার কাছে শুধু কাজের স্বীকৃতি নয়, বরং ভালোবাসা, আশা এবং ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতীক। আমি ধীরে ধীরে আমার চেনা ছন্দে ফিরে আসছি। আজ এখানে উপস্থিত হতে চেয়েছি শুধু নিজের জন্য নয়, আপনাদের প্রত্যেকের জন্য, যারা আমার এই যাত্রার অংশ।’

একই পোস্টে তাকে এই সম্মাননা দেওয়ার জন্য ভারতের রাষ্ট্রপতি, দেশের নেতৃত্ব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জানান অলকা। পোস্টের শেষেও ছিল ভক্তদের প্রতি ভালোবাসার বার্তা। তিনি লেখেন, ‘বছরের পর বছর ধরে আমার প্রতি আপনাদের স্নেহ, দয়া, প্রার্থনা এবং বিশ্বাসের জন্য ধন্যবাদ। আজ আমি শুধু একটি পুরস্কার গ্রহণ করিনি, অনুভব করেছি কোটি মানুষের ভালোবাসা, যারা আমার এই যাত্রার সঙ্গী ছিলেন। ধন্যবাদ। ভালোবাসাসহ—অলকা।’

মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। সাধারণ ভক্তদের পাশাপাশি কুমার শানু, ইলা অরুণ, অদিতি সিং শর্মা, সুদেশ ভোঁসলে, আকৃতি কাক্কার, ভূমি পেডনেকার এবং বীর পাহাড়িয়ার মতো তারকারাও তাকে অভিনন্দন জানিয়েছেন। কেউ শুভেচ্ছা জানিয়েছেন ‘পদ্মভূষণ’ পাওয়ার জন্য, আবার কেউ দ্রুত সুস্থ হয়ে সংগীতের মঞ্চে ফেরার প্রত্যাশা জানিয়ে লিখেছেন—‘ফিরে এসো অলকা ইয়াগনিক।’


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: