বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ গানের সাফল্যের পর আবারও এক ফ্রেমে দেখা যাচ্ছে বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহিকে। তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ প্রকাশ পাচ্ছে আগামী ২৯ জুন। শুধু খেলাধুলার জয়গান নয়, জীবনের প্রতিটি সংগ্রাম, অর্জন ও সাফল্যকে উদযাপনের বার্তা নিয়েই নির্মিত হয়েছে এই গান।
ডালাস থেকে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় সঞ্জয় বলেন, এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক এবং ইতিবাচক শক্তি পাক। ‘চ্যাম্পিয়ন’ সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাস ধরে ‘চ্যাম্পিয়ন’-এর কাজ সম্পন্ন হয়েছে এবং বিশ্বকাপের আবহকে কেন্দ্র করেই গানটি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে।
গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবার-এ। মাত্র দুই দিনের সফরে সেখানে গিয়ে এক দিনেই ভিডিওর পুরো শুটিং শেষ করেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। সঞ্জয়ের ভাষ্য, জানজিবারের সমুদ্রসৈকত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।
এদিকে গান প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর প্রচারণা। সম্প্রতি নোরা ফাতেহি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, বন্ধুরা, তোমরা সবাই ‘চ্যাম্পিয়ন’-এর জন্য প্রস্তুত তো? তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে গানটি ঘিরে বাড়ছে উচ্ছ্বাস ও প্রত্যাশা।