দীর্ঘ বিরতির পর নতুন রোম্যান্টিক গান ‘বসন্তের কোকিল’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। গানটিতে তার সুরেলা কণ্ঠের পাশাপাশি মিউজিক ভিডিওতে প্রাণবন্ত নাচ ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন মডেল ও অভিনয়শিল্পী অলংকার চৌধুরী।
অনুপম মিউজিক ব্যানারে প্রকাশিত গানটির কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’র মতো জনপ্রিয় গান উপহার দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।
গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘বসন্তের কোকিল’ গাইতে গিয়ে দারুণ আনন্দ পেয়েছি। এর কথা, সুর ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটিও দর্শকদের মন ভালো করে দেবে। প্রকাশের পর যে ভালোবাসা পাচ্ছি, তা আমাকে অনুপ্রাণিত করছে। আশা করছি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।
অলংকার চৌধুরী জানান, এই প্রজেক্টে কাজ করার পুরো অভিজ্ঞতাই ছিল অসাধারণ। লোকেশন, টিম ও নির্মাণ—সবকিছু মিলিয়ে আন্তরিকভাবে কাজ করেছি। দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের নতুন কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে।
মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। ভালোবাসা ও উৎসবের আবহে নির্মিত ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে।
অনুপম মিউজিক-এর কর্ণধার আনোয়ার হোসেন জানান, দেশে নতুন গানের সংখ্যা কমে যাওয়ায় ধারাবাহিকভাবে নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশের একটি বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ‘বসন্তের কোকিল’ সেই উদ্যোগেরই অংশ।
প্রকাশের প্রথম দিনেই গানটি ৮১ হাজারের বেশি ভিউ অর্জন করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শক-শ্রোতারা।