একই দিনে বাবা ও ছেলের জন্মদিন—এমন ঘটনা খুব একটা দেখা যায় না। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জীবনে ২৭ জুন তাই বিশেষ এক দিন। নিজের জন্মদিনের আনন্দের সঙ্গে যোগ হয়েছে একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশের জন্মদিনও। ফলে প্রতিবছরের মতো এবারও দিনটি তাদের পরিবারের জন্য হয়ে উঠেছে দ্বিগুণ আনন্দ আর উদযাপনের উপলক্ষ।
জন্মদিন মানেই প্রিয় মানুষকে ঘিরে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ১৯৮৫ সালের ২৭ জুন জন্ম নেওয়া অপূর্ব এবার ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখতেই সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠেছে ভক্ত, সহশিল্পী, নির্মাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বার্তায়। পুরোনো স্মৃতি ভাগাভাগি করে অনেকেই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ক্যারিয়ারের আরও সাফল্য কামনা করেছেন।
জন্মদিন উপলক্ষে বাবা-ছেলের একটি ছবি প্রকাশ করে অপূর্ব লিখেছেন, ‘জন্মদিনের সুন্দর শুভেচ্ছাগুলোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
অপূর্বর শোবিজে যাত্রা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। এরপর অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় একটি বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিক অভিষেক হয় তার।
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন অপূর্ব। বিশেষ করে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত এক তরুণের চরিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। ছোট পর্দার পাশাপাশি ওটিটি, সিনেমা এবং কলকাতার চলচ্চিত্রেও কাজ করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।