রাখিবন্ধন উপলক্ষে একটি গহনার ব্র্যান্ডের বিজ্ঞাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিজ্ঞাপনে তার পোশাক এবং পোষ্যকে রাখি পরানোর দৃশ্য নিয়ে নেটিজেনদের একাংশ আপত্তি তুলেছেন। এবার সেই বিতর্কের জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই।
রাখিবন্ধনকে কেন্দ্র করে তৈরি বিজ্ঞাপনটিতে কৃতিকে ব্রালেট ধরনের পোশাকের সঙ্গে হালকা জ্যাকেট ও স্কার্টে দেখা যায়। ঐতিহ্যবাহী একটি উৎসবের বিজ্ঞাপনে এমন পোশাক কতটা মানানসই, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য শুরু হয়।
তবে বিতর্কের কেন্দ্র শুধু পোশাকেই সীমাবদ্ধ থাকেনি। বিজ্ঞাপনে পরিবারের সদস্যের মতো পোষ্যকে রাখি পরানোর দৃশ্য নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। কেউ কেউ রাখিবন্ধনের প্রচলিত রীতি ও আনুষ্ঠানিকতা তুলে ধরে বিজ্ঞাপনটির সমালোচনা করেন।
একপর্যায়ে বিষয়টি নিয়ে পরোক্ষভাবে মন্তব্য করেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নারীদের পোশাকের স্বাধীনতার প্রসঙ্গ টেনে বিজ্ঞাপনের উপস্থাপনাকে কটাক্ষ করেন।
এদিকে বিতর্কের কয়েক দিন পর মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের অবস্থান স্পষ্ট করেন কৃতি স্যানন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্টোরিতে তিনি বলেন, কোনো উৎসবের প্রকৃত অর্থ পোশাক দিয়ে বিচার করা উচিত নয়।
কৃতির বক্তব্যের মূল বিষয় হলো, রাখিবন্ধনের আসল চেতনা ভালোবাসা, সুরক্ষা ও পারস্পরিক বন্ধন। ভাই-বোন একে অপরের সুখ ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করেন। পরিবারের সদস্য হিসেবে পোষ্যের প্রতিও ভালোবাসা প্রকাশ করা সেই অনুভূতিরই অংশ বলে মনে করেন তিনি।
একই সঙ্গে নারীর পোশাক নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন কৃতি। তার মতে, সময়ের সঙ্গে ফ্যাশনের ধরন বদলালেও নারীদের প্রতি সম্মান এখনো অনেক ক্ষেত্রে তাদের পোশাকের ভিত্তিতে বিচার করা হয়।
কৃতি আরও বোঝাতে চেয়েছেন, একজন নারী কী পরবেন, সেটি নিয়ে সমাজের অতিরিক্ত হস্তক্ষেপ বন্ধ হওয়া প্রয়োজন। তার মতে, পোশাকের ধরন নয়, বরং মানুষের আচরণ, মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাই হওয়া উচিত মূল বিবেচ্য।
এদিকে বিজ্ঞাপনটি নিয়ে বিতর্কের মধ্যেই কৃতির এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর অবস্থান নিয়েও চলছে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া।