অভিনয়ের পাশাপাশি প্রকৃতি ও কৃষিকাজের প্রতি নিজের ভালোবাসার কথা বহুবার জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার নিজের হাতে ফলানো নানা ধরনের শাকসবজি ও ফল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তার বাগানের ফলন দেখে মুগ্ধ ভক্তরাও।
অভিনয়ে বাংলাদেশ ও ভারতের দর্শকদের মন জয় করা জয়ার জীবনযাপনে বরাবরই প্রকৃতির ছোঁয়া দেখা যায়। অভিনয়ের ব্যস্ততার বাইরে সময় পেলেই নিজের কৃষি আঙিনায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল ও ফুলের চাষ করেন অভিনেত্রী।
জয়া জানিয়েছেন, নিজের বাড়ির রান্নার জন্য প্রয়োজনীয় অনেক কিছুই তারা নিজেরাই আবাদ করেন। ফলে বাজার থেকে সবজি বা অন্যান্য কৃষিপণ্য কেনার প্রয়োজন হয় না বললেই চলে।
সম্প্রতি নিজের বাগান থেকে বেশ কিছু ফসল সংগ্রহ করেছেন জয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ফসলের ছবি প্রকাশ করে নিজের আনন্দ ভাগ করে নেন তিনি।
ছবিতে দেখা যায়, বড় দুটি ওলকচু, পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা ও পদ্মফুলসহ নানা ধরনের ফসল। টাটকা এসব সবজি ও ফুলের ছবি নজর কেড়েছে ভক্তদের।
ছবির ক্যাপশনে জয়া লেখেন, বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা নানা ধরনের সবজির কথা। নিজের হাতে লাগানো ওলকচু দেখে আনন্দ প্রকাশ করে তিনি জানান, কলার মোচা দিয়ে ফিউশন ধাঁচের একটি ক্রিসপি সালাদ বানানোর পরিকল্পনাও রয়েছে তার।
জয়ার বাগানের ফলন দেখে ভক্তদের অনেকেই প্রশংসা করেছেন। একজন জনপ্রিয় অভিনেত্রী হয়েও নিজের হাতে কৃষিকাজ করা এবং গাছপালার যত্ন নেওয়ার বিষয়টি নেটিজেনদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
অভিনয়ের ক্ষেত্রে সম্প্রতি কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় দেখা গেছে জয়া আহসানকে। ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছে।