দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ভিসা নীতিতে নতুন পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর অংশ হিসেবে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন্স, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য পুনরায় ভিসা অন-অ্যারাইভাল সুবিধা চালু করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব দেশের বৈধ ভিসাধারী এবং তাদের পরিবারের সদস্যরা এখন ১৪ দিন বা ৬০ দিনের ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাবেন।
তবে এই সুবিধা পেতে আবেদনকারীদের যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশ, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা কানাডার ইস্যুকৃত বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, কনস্যুলার সেবা আরও কার্যকর করা এবং আমিরাতকে বৈশ্বিক ব্যবসা ও উদ্যোক্তাবান্ধব কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
নিয়ম অনুযায়ী, ১৪ দিনের ভিসা একবার নবায়ন করা যাবে, তবে ৬০ দিনের ভিসা একবার প্রবেশের জন্যই প্রযোজ্য এবং এটি বাড়ানো যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে প্রতিদিন ৫০ দিরহাম জরিমানা দিতে হবে। ১৪ দিনের ভিসার ফি ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসার ফি ২৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ