ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় জরুরি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশটিতে মানবিক সংকট মোকাবিলায় দ্রুত বৈশ্বিক সহযোগিতার প্রয়োজন বলে উল্লেখ করেছে সংস্থাটি।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন নিরূপণ এবং জরুরি সহায়তা কার্যক্রম সমন্বয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে তাদের সংস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ভেনেজুয়েলা থেকে অত্যন্ত মর্মান্তিক খবর পাওয়া যাচ্ছে। স্বল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকে আহত হয়েছেন এবং অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এই সংকট মোকাবিলায় দ্রুত আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।’
আইওএম জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন, আশ্রয়, চিকিৎসাসেবা এবং অন্যান্য মানবিক সহায়তার চাহিদা মূল্যায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।
উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা