বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. শফিউল আলম (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তাঁর বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও আঘাত লাগে।
বুধবার (২৪ জুন) বেলা আড়াইটার দিকে ঘুমধুমের রেজু আমতলী সীমান্তের ৪১ ও ৪২ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শফিউল আলম স্থানীয় রেজু আমতলী এলাকার বাসিন্দা এবং মো. কাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে সকালে সীমান্তবর্তী এলাকায় যান শফিউল। সেখানে অবস্থানের প্রায় এক ঘণ্টা পর হঠাৎ একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে কক্সবাজারের কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় প্রবেশ না করার জন্য প্রশাসন, বিজিবি ও পুলিশ বারবার সতর্ক করে আসছে। এরপরও অনেকেই ঝুঁকি নিয়ে সেখানে যাচ্ছেন।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাইরুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, একই সীমান্ত এলাকায় গত ২৪ মে পৃথক দুটি ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচজন নিহত হন। সর্বশেষ এ ঘটনার পর সীমান্তবর্তী জনপদে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।