নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় নির্মাণাধীন বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।
বুধবার (২৪ জুন) বিকেলে কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর যানজট কমানো এবং যাত্রীসেবা উন্নত করার লক্ষ্যে ঢাকা যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের কার্যক্রম পুনর্বিন্যাস করা হচ্ছে। এর অংশ হিসেবে কিছু কার্যক্রম কাঁচপুর ও কেরানীগঞ্জ এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যেই কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। একই সঙ্গে যাত্রাবাড়ী বাস টার্মিনালের কার্যক্রমও আধুনিকায়ন করা হবে, যাতে নগরবাসী একটি সুশৃঙ্খল ও উন্নত পরিবহন ব্যবস্থা পায়।
প্রতিমন্ত্রী আরও জানান, পূর্ববর্তী সময়ে কয়েকটি বাস টার্মিনাল ডিপো হিসেবে ব্যবহৃত হওয়ায় রাজধানীতে যানজট ও জনভোগান্তি বেড়েছিল। বর্তমান সরকার এসব সমস্যা নিরসনে পরিকল্পিতভাবে বাস টার্মিনালগুলোর উন্নয়ন ও পুনর্বিন্যাস কার্যক্রম বাস্তবায়ন করছে।
সড়ক অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রায় ৪৮ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়ার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করা হবে।
এ ছাড়া রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর পরিবর্তনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বিভিন্ন সিগন্যাল পয়েন্টে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হবে। এর মাধ্যমে যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত উপস্থিত ছিলেন।