হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে মাথা ন্যাড়া করার পর পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তার সুমন মিয়া উপজেলার ভাদিকারা গ্রামের জিতু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন দিন আগে টাকার প্রলোভন দেখিয়ে কৌশলে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে ভুক্তভোগী বিষয়টি কাউকে জানায়নি।
বুধবার সকালে কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত সুমন মিয়াকে আটক করে মারধর ও মাথা ন্যাড়া করার পর লাখাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে জনতা আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই তাকে আদালতে প্রেরণ করা হবে।