বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে একটি আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে।
এ সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে সরকার যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে সরকারের ভিশন তুলে ধরে রিজভী বলেন, চীন সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ।
তিনি স্পষ্টভাবে জানান, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী প্রতিনিয়ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সরকারের আমলে এ ধরনের কোনো দেশবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
বিরোধী দলের সমালোচনার জবাব দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, একটি মহল বর্তমানে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের অতীত ও বর্তমান কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন স্পষ্ট।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিজভী দাবি করেন, বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার সংস্কৃতি আর নেই। আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।