রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার যে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটেছে, তার জন্য দল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকারকে সম্মান করে। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা বা যেকোনো ধরনের সহিংস আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, ধানমন্ডি জোনের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর সেখানে উপস্থিত কিছু অতিউৎসাহী ব্যক্তি কিংবা বহিরাগতদের উসকানিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী বা উগ্র আচরণকে জামায়াতে ইসলামী কখনো প্রশ্রয় দেয় না।
ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে দলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত বা পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। তদন্তে কোনো পর্যায়ের নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের এ সময়ে গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। হামলায় আহত দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের দ্রুত সুস্থতা কামনা করে দলটি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছে।
ঘটনার জন্য আবারও আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।