জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পূর্বঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির প্রথমটি আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে এই লংমার্চ চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। পথে একাধিক স্থানে পথসভা করারও ঘোষণা দিয়েছে জোটটি।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। লংমার্চ সফল করতে নেওয়া প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার জানান, ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে নেতাকর্মীরা সমবেত হবেন। এরপর চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে যাত্রা শুরু হবে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে লংমার্চটি সেখানে পৌঁছানোর কথা রয়েছে। কর্মসূচি চলাকালে অন্তত ছয় থেকে সাতটি স্থানে জোটের শীর্ষ নেতারা পথসভায় বক্তব্য দেবেন।
জোটের পক্ষ থেকে লংমার্চের ছয়টি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরকে দলীয়করণমুক্ত করা।
গোলাম পরওয়ার বলেন, এসব দাবিকে সামনে রেখেই পোস্টার, লিফলেট ও বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
লংমার্চ সফল করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা ও মহানগর শাখার নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেছে জোটটি। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনীসহ চট্টগ্রাম মহানগর ও জেলার সংশ্লিষ্ট নয়টি শাখাকে প্রস্তুতি কার্যক্রমে যুক্ত করা হয়েছে।
এসব শাখার আমির ও নেতাদের পাশাপাশি ইসলামী ছাত্রশিবির এবং শ্রমিক নেতারাও প্রস্তুতি সভায় অংশ নিয়েছেন বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
লংমার্চে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগ গঠন করা হয়েছে। এর মধ্যে অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার-প্রকাশনা, আইটি, স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক, নিরাপত্তা ও প্রশাসনিক যোগাযোগ বিভাগ রয়েছে।
এসব বিভাগের দায়িত্বশীলদের নিয়ে সমন্বয় সভাও সম্পন্ন হয়েছে বলে জানান গোলাম পরওয়ার।
তিনি আরও জানান, ১১ দল ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির সময়সূচি পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।
লংমার্চকে কেন্দ্র করে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজটের জন্য দেশবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কর্মসূচি সফল করতে গিয়ে সাধারণ মানুষের সাময়িক কষ্ট বা ভোগান্তি হলে তার জন্য তারা দুঃখিত।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।