জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি ছাত্র, যুব, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দলের কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের একটি হোটেলে অনুষ্ঠিত এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমরা আর আওয়ামী লীগ বা জাতীয় পার্টির মতো পোষা বিরোধীদল বাংলাদেশে দেখতে চাই না। তিনি বলেন, এনসিপি জনগণের সঙ্গে সম্পৃক্ত একটি কার্যকর রাজনৈতিক সংগঠন হিসেবে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে কাজ করছে।
দলের কার্যক্রম পরিচালনায় নির্দিষ্ট সময়সূচি ও পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলমান। দলীয় কর্মকাণ্ডে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দলের সিনিয়র নেতাদের সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্র, যুব ও নারী সংগঠনের নেতাকর্মীদেরও দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত করা হচ্ছে।
কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান সারজিস আলম।
চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মুহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব আবদুল করিম টিপু ও যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ ইমন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক জোবাইরুল হাসান আরিফ এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির খান তালাত মাহমুদ রাফি।
এ ছাড়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিকশক্তির নেতৃবৃন্দসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।