সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা নিয়ে মন্তব্য করা তার জন্য সমীচীন নয়। তিনি বলেন, দলটি একসময় রাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম চালালেও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তা আজ নিষিদ্ধ অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেল সেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “একটি রাজনৈতিক দল নিষিদ্ধ—এটি জাতি কীভাবে দেখছে সেটাই গুরুত্বপূর্ণ। জনগণের সিদ্ধান্তের মাধ্যমেই দলটি আজ নিষিদ্ধ অবস্থায় এসেছে। অতীতে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তারা জনসমর্থন হারিয়েছে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আস্থা ও বৈধতার ওপর নির্ভরশীল। জনগণের সমর্থন হারালে এবং রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হলে সে বিষয়ে নতুন করে আলোচনা করার প্রয়োজন নেই।
সরকারি জমি ব্যবহারের পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন সরকারি জমি চিহ্নিত করার কাজ চলছে। এক একরের বেশি, এক একরের কম এবং তিন একরের বেশি জমি আলাদাভাবে শ্রেণিবিন্যাস করা হচ্ছে।
তিনি বলেন, তিন একরের বেশি জমিতে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প থেকে স্থানীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মেনহাজুল আলম উপস্থিত ছিলেন।