মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বিকল হয়ে পড়া একটি লঞ্চ থেকে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রীকে উদ্ধার করেছে নৌ পুলিশ। জাতীয় জরুরি সেবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ঘটনাটি ঘটে সোমবার (২২ জুন) বিকেলে মেঘনা নদীর ষোলআনি এলাকায়।
৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, বিকেলে সেলিম হোসেন নামে এক যাত্রী জরুরি নম্বরে ফোন করে জানান, চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘মকবুল-২’ নামে একটি ছোট লঞ্চ মাঝপথে বিকল হয়ে পড়ে। লঞ্চটিতে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে ৯৯৯ থেকে বিষয়টি দ্রুত মুন্সীগঞ্জের গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িকে জানানো হয়। কলটি গ্রহণ করেন কনস্টেবল ফারজানা এবং সমন্বয় করেন এএসআই শহিদুল ইসলাম।
পরে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। একই সময়ে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমডি আল-মাহবুব’ নামে একটি চলন্ত লঞ্চ থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
নৌ পুলিশ জানায়, উদ্ধার হওয়া সব যাত্রীই নিরাপদ আছেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।