রাজশাহীর তানোরে পিকআপ ভ্যানের ধাক্কায় কামরুল হাসান (৪৮) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিহত কামরুল হাসান উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগিশো গ্রামের বাসিন্দা। তিনি সাইকেলযোগে গ্রামে গ্রামে ঘুরে হরেক ধরনের মালামাল বিক্রি করতেন। পাশাপাশি তিনি স্থানীয় বিএনপির একজন কর্মী ছিলেন।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুন সকাল আনুমানিক ৬টা ২৫ মিনিটে কামরুল হাসান সাইকেলযোগে মালামাল বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে মুণ্ডুমালা বাজারের দিকে রওনা হন। পথে তানোর পৌরসভার চিনাশো গ্রামের চিনাশো মোড়ের প্রায় ৫০ গজ পূর্বে পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয় বলে অভিযোগ করা হয়েছে।
দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা পিকআপ ভ্যানের চালকের বিরুদ্ধে বেপরোয়া ও অবহেলাজনিতভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।