চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও মূল আসামি গ্রেপ্তারে বিশেষ ভূমিকা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাশ।
অপরাধ দমনে দক্ষতা, নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।
জানা যায়, গত ১০ জুন রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় এ্যানি বড়ুয়া ও তাঁর মেয়ে প্রিয়ন্তি বড়ুয়া নির্মমভাবে হত্যার শিকার হন। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর এসআই শিমুল চন্দ্র দাশ দ্রুততার সাথে তদন্ত কার্যক্রম শুরু করেন। তিনি তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সূত্রের তথ্য ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হন।
পরে আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়াকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই সফল অভিযানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিশেষ এই সম্মাননা প্রদান করেন।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে এসআই শিমুল চন্দ্র দাশ বলেন, সাম্প্রতিক আলোচিত মামলাগুলোর দ্রুত রহস্য উদ্ঘাটন, আলামত উদ্ধার এবং আসামি গ্রেপ্তারে ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছি। এটি ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা দেবে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এবার সারা দেশের ১৫ জন পুলিশ সদস্যকে এই সম্মাননা দেওয়া হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৪ জন সদস্য রয়েছেন।