পিরোজপুরে মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ‘পিরোজপুরে মাদকের বিস্তার: আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে এবং পিরোজপুর জেলা পরিষদের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
আলোচনা সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকের বিস্তার, এর সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এর ফলে যুবসমাজ বিপথগামী হচ্ছে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে মাদক ব্যবসায়ীরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করছে। পাশাপাশি প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে মাদক কারবারিদের যোগসাজশের অভিযোগও ওঠে, যা কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
বক্তারা রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা না করার আহ্বান জানান। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে সৎ ও যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করার দাবি জানান এবং মাদকসেবী ও ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান।
এছাড়া শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পুলিশ প্রশাসন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তবে মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি মাদকসেবীদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন এবং পিরোজপুর শহরকে শিগগিরই মাদকমুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, আগামী তিন মাসের মধ্যে জেলার মাদক পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনার জন্য প্রশাসন কাজ করছে। এ লক্ষ্যে সমন্বিত অভিযান, সচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, সাধারণ মানুষকে সচেতন করতে জেলা জুড়ে একযোগে মাদকবিরোধী র্যালি আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান না করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।