সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০১৮ সালের নির্বাচনে বিএনপির সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী পথসভায় হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।
বৃহস্পতিবার (১৮ জুন) দিনগত রাত ১টার দিকে তাড়াশ পৌর এলাকার উপজেলা পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ওই ঘটনায় দায়ের করা মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর বাবুল শেখ অভিযোগ অস্বীকার করে দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।