সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মুন্না (২০), শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যনগর থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত আসামি মো. মুন্না (২০) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মুন্না উপজেলার ৩ নম্বর চামরদানী ইউনিয়নের বিছরাকান্দা গ্রামের বাসিন্দা এবং মো. সাইকুল ইসলামের ছেলে।
এদিকে একই দিনে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার বুড়িপত্তন গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং ইমরান আহমেদ মির্জাপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন মামলার আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক চলাফেরা ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মাদক, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে এবং জনগণের সহযোগিতায় মধ্যনগরকে অপরাধমুক্ত রাখতে পুলিশ কাজ করছে।