বিএনপি সরকার জনকল্যাণমুখী বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আগে আমরা দেখতাম বাজেট ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের হতো। সেখানে স্লোগান থাকত—গরিব মারার বাজেট মানি না। কিন্তু এখন বাজেট ঘোষণার পর মিছিল হচ্ছে সিগারেটের দাম বাড়ল কেন, মদের দাম বাড়লো কেন?’
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহে আধুনিক কসাইখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
আইনমন্ত্রী আরও বলেন, আধুনিক পদ্ধতিতে পশু জবাই করা হলে মাংসের গুণগত মান নিশ্চিত থাকে। ঝিনাইদহবাসীর জন্য এই কসাইখানা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি প্রশাসন কার্যকর ভূমিকা না রাখে, তবে তাকে জানাতে বলা হয়েছে।
জানা যায়, আধুনিক কসাইখানাটি নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি)’ নির্মাণকাজ শুরু করে।
প্রায় আড়াই বছরের প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।
সম্পূর্ণ আধুনিক এই কসাইখানার নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। ৪৯ শতক জমির ওপর নির্মিত এ স্থাপনার পশু জবাইয়ের মূল অংশটি প্রায় আড়াই হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত।