মিরপুরে আর্জেন্টিনা ভক্তদের তৈরি দক্ষিণ এশিয়ার বৃহত্তম জার্সি উন্মোচন
রাজধানীর মিরপুরে উন্মোচন করা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্যান-নির্মিত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে সামনে রেখে সমর্থকদের উদ্যোগে তৈরি এই বিশাল জার্সি মঙ্গলবার (১৭ জুন) থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হচ্ছে।
ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন মিরপুর-১৪ এলাকার ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পাশে স্থাপন করা হয়েছে জার্সিটি। আয়োজকদের দাবি অনুযায়ী, এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্যান-নির্মিত আর্জেন্টিনা জার্সি।
মেসির আইকনিক ১০ নম্বর জার্সির আদলে তৈরি এই স্থাপনাটি মূলত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। আয়োজকরা জানান, ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে মেসির দীর্ঘ ক্যারিয়ারের সম্ভাব্য শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা জানান, বাংলাদেশে কোটি আর্জেন্টিনা সমর্থকের আবেগ ও ভালোবাসাকে একত্রিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন। উদ্বোধনের পর থেকেই সেখানে ফুটবলপ্রেমীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শনার্থীরা জার্সির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং স্মৃতি ধরে রাখছেন।
আয়োজকরা আরও জানান, পুরো জার্সি তৈরির প্রক্রিয়া ও এর পেছনের গল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রকাশ করা হয়েছে।
উন্মোচনের সময় সেখানে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন এবং আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজকরা আশা করছেন, এই জার্সি শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিকভাবেও বাংলাদেশে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসকে নতুনভাবে তুলে ধরবে।