চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে এ চেষ্টা ব্যর্থ হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
এ ঘটনায় পুশ-ইন প্রক্রিয়ায় সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন এলাকার রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২৫/৩-আর সংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
ঘটনার খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে। পরে ওই নারীকে সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায় বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
এদিকে, পুশ-ইন চেষ্টায় সহায়তার অভিযোগে আটক সাতজনকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা বর্তমানে গোমোস্তাপুর থানার হেফাজতে রয়েছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।