মাগুরায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক (ডিসি) মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। পরে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে তাকে রাজধানীতে স্থানান্তর করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে।
জানা যায়, রোববার (১৪ জুন) রাতে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবিরের নেতৃত্বে এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকিরের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় সোমবার (১৫ জুন) বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির জানান, শরীরে এসিডিটির মাত্রা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।