ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা–জামালপুর রেলপথে চলাচলকারী জামালপুর এক্সপ্রেস ট্রেনের কাপলার ভেঙে যাওয়ায় ইঞ্জিনটি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।
এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রায় দুই ঘণ্টা পর ইঞ্জিনের সঙ্গে বগি পুনরায় সংযুক্ত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ১২ মিনিটে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের কাওরাইদ ও গফরগাঁওয়ের মশাখালী স্টেশনের মাঝামাঝি শহীদনগর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের কাপলার ভেঙে যায়। এতে ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।
মশাখালী স্টেশনমাস্টার জুন্নুন হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি শহীদনগর এলাকায় পৌঁছালে কাপলার ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে পৌঁছালে ঢাকা–জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।