যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। অন্য দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাতে উপজেলার ছোট বসন্তপুর গ্রামে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন প্রবাসীর স্ত্রী। এক পর্যায়ে ভুক্তভোগী নারীকে ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শার্শা থানার (ওসি) মারুফ হোসেন জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক দুই আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।