চট্টগ্রামের ব্যস্ত ট্রাফিক জোন আধুনিক প্রযুক্তির আওতায় আনা হবে: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগর ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর করতে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর

2026-06-15T20:24:35+00:00
2026-06-15T20:24:35+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামের ব্যস্ত ট্রাফিক জোন আধুনিক প্রযুক্তির আওতায় আনা হবে: চসিক মেয়র
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:২৪ পিএম 
ছবি ভোরের ডাক
চট্টগ্রাম মহানগরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগর ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর করতে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে ২১৭ কোটি ৩৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে।

প্রকল্পের আওতায় নগরীর ৫৬টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও ব্যস্ত ট্রাফিক জোনকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১৫ জুন) চসিকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় একটি কনসালটেন্সি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চট্টগ্রামের জন্য প্রস্তুতকৃত দুটি প্রযুক্তিনির্ভর উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় মেয়র বলেন, চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। দীর্ঘদিনের যানজট, ট্রাফিক বিশৃঙ্খলা ও সড়কে আইন অমান্যের প্রবণতা কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, প্রকল্পের আওতায় ৫৬টি ইন্টারসেকশনে স্মার্ট সিগন্যাল, ট্রাফিক ফ্লো মনিটরিং ক্যামেরা, আইন লঙ্ঘন শনাক্তকারী ক্যামেরা, নম্বরপ্লেট শনাক্তকরণ ব্যবস্থা, রেড সিগন্যাল ডিটেকশন এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হবে। এসব প্রযুক্তির মাধ্যমে যানবাহন চলাচল রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, এই সিস্টেম সম্পূর্ণ এআই-ভিত্তিক হবে। কোনো যানবাহন ট্রাফিক আইন ভঙ্গ করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যাবে। যানবাহনের নম্বরপ্লেট ও চলাচলের ধরন বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এতে যানজট কমবে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং নাগরিকদের ভোগান্তি হ্রাস পাবে।

তিনি আরও জানান, নগরের গুরুত্বপূর্ণ ট্রাফিক করিডোরগুলোকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। পাশাপাশি প্রায় ১৩০ কিলোমিটার সড়কে সৌরবিদ্যুৎ চালিত এলইডি সড়কবাতি, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের আরেকটি প্রকল্পও প্রস্তাব করা হয়েছে, যার সম্ভাব্য ব্যয় প্রায় ৪৪৫ কোটি টাকা।

এই ব্যবস্থার মাধ্যমে অপরাধ, দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত শনাক্ত করা যাবে। একইসঙ্গে সিসিটিভি নেটওয়ার্ক নগর নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর এই সিস্টেমের মাধ্যমে জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আগাম সতর্কবার্তাও পাওয়া যাবে। এতে নগর ব্যবস্থাপনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

সৌরবিদ্যুৎ চালিত স্মার্ট সড়কবাতির মাধ্যমে বিদ্যুৎ খরচ ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত কমবে বলে আশা করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে পরিবেশবান্ধব নগর গঠনের লক্ষ্যও এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।

মেয়র জানান, প্রকল্প দুটির বিষয়ে পুলিশ প্রশাসন, বিআরটিএ এবং সংশ্লিষ্ট সব সংস্থার মতামত নেওয়া হবে। তাদের সুপারিশ অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ডিপিপি প্রস্তুত করা হবে। তিনি বলেন, স্মার্ট ট্রাফিক ও স্মার্ট নিরাপত্তা অবকাঠামো বাস্তবায়িত হলে চট্টগ্রামের দীর্ঘদিনের ট্রাফিক সমস্যা সমাধানের পাশাপাশি নগরবাসী একটি আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর শহর পাবে।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ফরহাদুল আলম, আবু সাদাত তৈয়বসহ কনসালটেন্সি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্প বাস্তবায়নে লেন মার্কিং, আইল্যান্ড উন্নয়ন, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণ এবং যন্ত্রপাতির নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: