প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। একদিনের সফরে কক্সবাজারে গিয়ে দিনের বিভিন্ন কর্মসূচি শেষে চকরিয়ায় এক জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপির চকরিয়া উপজেলা ও পৌর শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের জীবনমান উন্নয়ন।
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যাতে গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে না হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কথা একটাই, কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ।’
শনিবার (১৩ জুন) রাতে চকরিয়ার পৌর বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিতে যান সরকারপ্রধান। এর আগে জেলা বিএনপি আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
দিনের শুরুতে আকাশপথে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। পরে তিনি পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন এবং সুধী সমাবেশে অংশ নেন।
এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।
এ ছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। চকরিয়ার জনসভা শেষে তিনি কক্সবাজারে লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে এবং কর্মসূচি শেষে ঢাকায় ফেরার কথা।