তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) অঞ্চলে প্রায় ২২০ কোটি মানুষের বসবাস। এমন প্রেক্ষাপটে বৃহত্তর আঞ্চলিক ঐক্যের পরিবর্তে শুধু ভারত ও বাংলাদেশের জনগণকে একীভূত করার ধারণা সামনে আনা হলে তা সন্দেহের উদ্রেক করে।
শনিবার (১৩ জুন) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘আমরা বাংলাদেশি’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
মন্ত্রী বলেন, বাঙালি পরিচয় প্রতিষ্ঠার জন্য দেশের বাইরে থেকে কোনো স্বীকৃতি বা সনদের প্রয়োজন নেই। ইতিহাস ও বাস্তবতা বাংলাদেশের পরিচয়কে যথেষ্টভাবে প্রতিষ্ঠিত করেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যারা কেবল ভারত ও বাংলাদেশের ঐক্যের কথা বলেন, তাদের উচিত সার্কভুক্ত দেশগুলোর বৃহত্তর জনগোষ্ঠীর কথাও বিবেচনা করা। তার মতে, জাতিসংঘ, সার্ক ও বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর বাইরে নতুন কোনো রাজনৈতিক বা সামাজিক বিন্যাসের প্রস্তাব এলে তা সতর্কতার সঙ্গে দেখা প্রয়োজন।
অনুষ্ঠানে জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ওই সময়ের রাজনৈতিক সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব ও স্লোগান কর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছিল। তিনি দাবি করেন, বর্তমানে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ আগের যেকোনো সময়ের তুলনায় অধিক প্রাণবন্ত।