পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বন এলাকায় একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন প্রজাতির মোট ১১টি গাছের চারা রোপণ করেন।
সরকারি সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এই কর্মসূচির সূচনা করা হলো।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এ কর্মসূচির প্রথম ধাপে দেশের ৪৯ জেলার ১৪৯ উপজেলায় প্রায় দেড় কোটি গাছের চারা রোপণ করা হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মালুমঘাট সংরক্ষিত বনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং পরিবেশ সচিব রায়হান কাওছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বনাঞ্চল সম্প্রসারণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা হবে।
দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে সকালে তিনি রাজধানী থেকে কক্সবাজারে পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।