দেশের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার পাইলটিং স্কিম চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন। প্রয়োজন অনুযায়ী রোগীদের হাসপাতালে রেফার করা হবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও সহজ, জনবান্ধব ও কার্যকর করা সম্ভব হবে।
শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ১০ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা অনুযায়ী সকল পর্যায়ে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার কাজ চলছে। তিনি দাবি করেন, বর্তমানে সরকারি সেবা পেতে জনগণকে আর ঘুষ দিতে হয় না।
তিনি বলেন, “বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার দলমত নির্বিশেষে জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে।”
স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে শিশু ও নারীদের চিকিৎসার জন্য আলাদা ও আধুনিক সুবিধা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।