গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল শেখ (৩৫) নামে এক রংমিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রবিউল শেখ একই গ্রামের বাসিন্দা এবং পেশায় রংমিস্ত্রী। তিনি তিন সন্তানের জনক বলে জানা গেছে।
কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরী তার দাদার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে সানোয়ার শিকদারের বাড়ির কাছে পৌঁছালে অভিযুক্ত রবিউল শেখ তাকে জোরপূর্বক আটকানোর চেষ্টা করে। এ সময় ঘটনাটি স্থানীয় এক নারী প্রত্যক্ষ করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীর মা রহিমা বেগম রামদিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রবিউল শেখকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।