চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শনিবার (১৩ জুন) মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২০/এমপি-এর নিকট দিয়ে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ (পনের) জন ব্যক্তিকে (০২ জন পুরুষ, ০৮ জন নারী ও ০৫ জন শিশু) নদীপথে নৌকাযোগে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।
বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের ফলে অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে।
এ সময় উল্লেখিত ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। পরবর্তীতে বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর তৎপরতার প্রেক্ষিতে কয়েক ঘন্টা পর ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা উক্ত ১৫জন ব্যক্তিকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান বিজিবি কর্তৃক পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
“নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া সীমান্তবর্তি এলাকায় জনসচেতনতা মূলক মাইকিং, স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের সহযোগিতায় গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে রাত্রিকালীন টোহল জোরদার করা হয়েছে। অবৈধ পুশ-ইন টেকাতে আগামীতেও এই কর্মকান্ড অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।